স্পোর্টস রিপোর্টার
নেইল ম্যাকেঞ্জির কাজে বেশ সন্তুষ্ট ছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকান এই সাবেক ক্রিকেটারের কোচিংয়ে উপকৃত হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একই সঙ্গে বিসিবিকে বেশ কঠিন সময়ও উপহার দিয়েছেন এই প্রোটিয়া কোচ। চুক্তি অনুযায়ী কাজ করেছেন শুধু সীমিত ওভারের দুই ফরম্যাটে (ওয়ানডে, টি-২০)।
টেস্ট ক্রিকেট আসলেই তাই বিপাকে পড়ে যেত বিসিবি। কারণ লাল বলের ক্রিকেটে থাকতেন না ম্যাকেঞ্জি। এই ফরম্যাটের জন্য আলাদা কোচ নিয়োগ না দেওয়ায় ম্যাকেঞ্জির কাছেই অনুরোধ করতো বিসিবি। অনুরোধের ঢেঁকি গিলে ২-১টি সিরিজে কাজ করেছেন এই প্রোটিয়া কোচ। এবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার অনুরোধ করায় বিসিবির চাকরিই ছেড়ে দিয়েছেন ম্যাকেঞ্জি।
ব্যাটিং কোচ নিয়ে তাই এখন আর বিভক্ত চিন্তা করছে না বিসিবি। ম্যাকেঞ্জির অধ্যায় থেকে শিখেছে বিসিবি। লাল বল, সাদা বল— আলাদা করে কোচ নিয়োগের পথে হাঁটবে না সংস্থাটি। তিন ফরম্যাটের জন্যই একজন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে। দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। শ্রীলঙ্কা সফরের আগেই দেখা যেতে পারে নতুন ব্যাটিং কোচ। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে। আগ্রহী চার জনের নামও পেয়েছে বিসিবি।
দীর্ঘ মেয়াদের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হবে জানিয়ে বিসিবির এই পরিচালক বলেছেন, ‘ম্যাকেঞ্জি যখন আমাদের জানিয়েছে যে তিনি আর এভেইলেবল নন তখন থেকেই আমরা ব্যাটিং কোচ খুঁজছি। তো তিন-চার জনের নাম এসেছে। যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে তাকে আমরা নিব। আমাদের হাতে যেহেতু সময় আছে আমরা সাত-আট দিনের মধ্যে কথা বলে বিবেচনা করে সিদ্ধান্ত নিব। আমরা দীর্ঘ মেয়াদের জন্যই ভাবছি।’
টাইগারদের নতুন ব্যাটিং কোচের দৌড়ে সবচেয়ে আলোচিত ক্রেইগ ম্যাকমিলানের নাম। নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করছে বিসিবি। সর্বশেষ নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর চাকরি ছেড়েছেন কিউই শিবির থেকে।