শ্রীলঙ্কা যেতে পারছে না ওরা

স্পোর্টস রিপোর্টার

বছরের শুরুতে বাংলাদেশকে বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছিল আকবর আলীর দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতের বিরুদ্ধে ফাইনালে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে গিয়েছিল বাংলাদেশের কয়েক জন যুবা। যে ঘটনায় পরে আইসিসি শাস্তি দিয়েছিল দুই দলের পাঁচ ক্রিকেটারকে। যার মধ্যে ছিলেন বাংলাদেশি তিন ক্রিকেটার তৌহিদ হূদয়, শামীম পাটোয়ারি ও রাকিবুল হাসান।

তিন জনেরই শাস্তি এখনো শেষ হয়নি। এ কারণেই বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে আসন্ন শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না তারা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেছেন, ‘তৌহিদ হূদয়, রাকিবুল এবং শামীম পাটোয়ারিকে আমরা শ্রীলঙ্কায় পাঠাতে পারছি না। কারণ ওরা এখনো নিষেধাজ্ঞার মধ্যেই আছে। নিষেধাজ্ঞা উঠতে এখনো ম্যাচ বাকি আছে। এরপর ওরা খেলতে পারবে।’

যুব বিশ্বকাপের ফাইনালের কাণ্ডে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৌহিদ হূদয়। শামীম পাটোয়ারি আট ম্যাচ এবং রাকিবুল হাসান চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

এবার এইচপি দলে সুযোগ পাবেন যুব বিশ্বকাপ জয়ী দলের একাধিক ক্রিকেটার। প্রতিশ্রুতিশীল তৌহিদ হূদয়, শামীম পাটোয়ারি, রাকিবুলও এইচপি দলে সুযোগ পাওয়ার কথা। সুযোগ পেলেও তারা লঙ্কা সফরে যাবেন না। কারণ সেখানে তারা খেলতে পারবেন না। তাই ক্যাম্পে ডাক পেলেও দেশেই কাজ করতে হবে তাদের। অথবা শ্রীলঙ্কা গিয়ে সাইডলাইনে বসে থাকতে হবে। আর এভাবেই শাস্তির মেয়াদ পার করতেন পারবেন এই ত্রয়ী।