স্পোর্টস রিপোর্টার
সাউদাম্পটনে আগে রানের পাহাড় গড়ে প্রতিপক্ষকে চাপা দেওয়ার চেষ্টা করেছে ইংল্যান্ড। এরপর বল হাতে চেপে ধরেছে তারা পাকিস্তানকে। এর মধ্যেও প্রতিরোধের চেষ্টা করছে পাকিস্তান। ইংল্যান্ডের ৮ উইকেটে ৫৮৩ রানের জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ৫ উইকেটে ১২৬ রান করেছে। আজহার আলী ৬০ রানে ব্যাট করছেন।
জ্যাক ক্রলির ডাবল সেঞ্চুরি ও জশ বাটলারের সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে আগের দিনই ২৪ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান।
গতকাল সকাল থেকে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন অধিনায়ক আজহার আলী। কিন্তু স্কোর বোর্ডে আর ৬ রান যোগ হতেই আসাদ শফিক ফিরে আসেন। এরপর আজাহারকে লম্বা সময় ধরে সঙ্গ দেন ফাওয়াদ আলম। দুই জনে এক সেশনের বেশি সময় পার করে ফেলেন। রান যদিও খুব বেশি ওঠেনি। ফাওয়াদ ২১ রান করে ডম বেসের শিকার হন।