ওয়ান স্টপ সুবিধা দিতে আরো চার প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করল বিডা

ইত্তেফাক রিপোর্ট

ওয়ান স্টপ সার্ভিসের আওতায় সেবা প্রদানের লক্ষ্যে আরো চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)। গতকাল বিডার প্রধান কার্যালয়ে ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সিস্টেমের ইন্টিগ্রেশনের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এ সময় জানানো হয়, ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এই চার প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বমোট ১৩টি সেবা প্রদান করা হবে। এর মাধ্যমে ই-মিউটেশন, ই-খতিয়ান এবং মিউটেড খতিয়ান সংক্রান্ত সেবা দেবে ভূমি মন্ত্রণালয়। এছাড়া ভূমি ব্যবহার ছাড়পত্র, প্ল্যান অনুমোদন, বৃহত্ ও বিশেষায়িত প্রকল্পের ছাড়পত্র এবং দখলের সনদসংশ্লিষ্ট সেবা দেবে রাজউক। পরিবেশ অধিদপ্তর চার ধরনের সেবা দেবে। এগুলো হলো—পরিবেশ অবস্থানগত ছাড়পত্র প্রদান, পরিবেশগত ছাড়পত্র প্রদান, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইআইএ অনুমোদন। অন্যদিকে ঢাকা চেম্বারের মাধ্যমে সার্টিফিকেট অব অরিজিন এবং মেম্বারশিপ সার্টিফিকেট-সংক্রান্ত সেবা দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনা জন্য লাইসেন্স এবং সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এ প্ল্যাটফরমের মাধ্যমে স্বল্প সময়ে হয়রানি মুক্তভাবে সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় আরো বাড়ানোর আহ্বান জানান। বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ওএসএস-এর ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহারের মাধ্যমে সহজে ব্যবসা পরিচালন সূচকে উন্নতির প্রধান তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন প্রক্রিয়া, সময় এবং ব্যয় হ্রাস পাবে। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুর্নীতি কমবে এবং সব কাজে স্বচ্ছতা আসবে। তিনি জানান, ওএসএস প্ল্যাটফরমের মাধ্যমে ৩৫টি সংস্থার ১৫৪টি সেবা প্রদান সম্ভব হবে। অনুষ্ঠানে পরিবেশ সচিব জিয়াউল হাসান, ভূমি সচিব মো. মাক্ছুদুর রহমান পাটওয়ারী বক্তব্য রাখেন।