কুরিয়ারে নকল ব্যান্ডরোল সিগারেট পরিবহন

ভ্যাট গোয়েন্দার অভিযান

ইত্তেফাক রিপোর্ট

কুরিয়ারে পাঠানো নকল ব্যান্ডরোল সিগারেট জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা (নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর, ঢাকা)। গতকাল রবিবার ঢাকার শান্তিনগর এসএ পরিবহনের ডিপো থেকে নকল ব্যান্ডরোল ব্যবহারের সন্দেহে দুটো চালানে ১৪ বস্তা সিগারেট আটক করা হয়েছে। একটি চালান কুষ্টিয়া থেকে ১২ বস্তায় সাড়ে ৩ লাখ শলাকা রাতে এসএ পরিবহনের গাড়িতে ঢাকায় আসে। একই সঙ্গে আরেকটি চালানও রাতে বগুড়া থেকে ঢাকার ডিপোতে প্রবেশ করে। এই চালানে ৪০ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। এই দুটো চালানই চৌমুহনী নোয়াখালীতে গন্তব্য ছিল। ভ্যাট আইন অনুযায়ী কোনো পার্সেলেই যথাযথ ভ্যাট চালান ছিল না। ভ্যাট গোয়েন্দারা চালানের সিগারেট প্যাকেটগুলোতে ব্যবহূত ব্যান্ডরোলগুলো নকল বলে নিশ্চিত হয়েছে। এসএ পরিবহনপুল থেকে চালান দুটো জব্দ করে ভ্যাট গোয়েন্দা অফিসে আনা হয়েছে। আরো অনুসন্ধানের পর সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা গেছে। একই সঙ্গে ভ্যাট চালান ব্যতিরেকে সিগারেট পরিবহন করার দায়ে এসএ পরিবহনকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। উল্লেখ্য, এনবিআর সিগারেট পরিবহনের ক্ষেত্রে সব কুরিয়ার সার্ভিসকে বাধ্যতামূলকভাবে ভ্যাট চালান সঙ্গে রাখার শর্ত আরোপ করেছিল।