ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে দীর্ঘদিন আগে। চার লেন হওয়ায় আসা-যাওয়ার ক্ষেত্রে দুই লেন করে ব্যবহার করায় গাড়ি চলাচলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা হ্রাস পাবে এমন প্রত্যাশা ছিল। মুখোমুখি সংঘর্ষের ঘটনা কমেছেও কিছুটা। তবে সংযোগ সড়কে যেতে মহাসড়ক থেকে যখন ইউটার্ন করা হয়, তখন দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। দ্রুত আসা যান অনেক দূরে অবস্থান করছে বলে মনে হলেও ইউটার্ন করার সময় ঘটে বিপত্তি। রাস্তা পার না হওয়ার আগেই দ্রুতগতিতে আসা যান আর ইউটার্নকারী যানের মধ্যে সংঘর্ষ হয়। এমন ঘটনায় সড়কে মৃত্যুর সংখ্যা বাড়ছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সংযোগ সড়কের পাশে ইউটার্ন করার জন্য বিশেষ নির্দেশনা থাকা অথবা বিশেষজ্ঞদের পরামর্শে স্বস্তিদায়ক পন্থা প্রণয়ন করা উচিত। এছাড়া চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করি।
মাহমুদুল হাসান কবীর
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া