সিলেটে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট অফিস

নগরীর মজুমদারি এলাকা থেকে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ। সানন্দা মল্লিক (৩০) নামের এই গৃহবধূ মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। তাদের ১০ বছর ও তিন বছরের দুটি মেয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।

রবিবার দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। বিমানবন্দর থানার এসআই লোকমান হোসেন জানান, বাসুদেব মল্লিক সপরিবারে বিমানবন্দর থানার মজুমদারি এলাকায় থাকেন। রবিবার ভোরে কোনো একসময় সানন্দা পরিবারের সবার অগোচরে ড্রইং রুমে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানন্দা মানসিক রোগে ভুগছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ভোরের দিকে বিছানায় সানন্দাকে না পেয়ে স্বামী বসত ঘরের অন্যান্য রুমে তার খোঁজ করেন। এ সময় ড্রইং রুমের ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।