হারুন আর রশীদ সাঈদ
পিরোজপুরের কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, ইউসিসি লিমিটেডের (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী মুক্তিযোদ্ধা মো. হারুন আর রশীদ ( সাঈদ) (৭৫) রবিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে রেখে গেছেন।
আনোয়ার হোসেন মঞ্জুর শোক প্রকাশ
হারুন আর রশীদ সাঈদের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া মরহুম হারুন আর রশীদের আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেন কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা জাতীয় পার্টি-জেপির সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক শাহ আলম নসু। এছাড়া কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
নরেন্দ্র মারাক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নওকুচি বানাইপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা নরেন্দ্র মারাক (৮০) শনিবার বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন। তাকে শেষ শ্রদ্ধা জানান ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ ওয়ারেজ নাঈম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবদীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান, ডেপুটি কমান্ডার সামছুল আলম ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। গতকাল রবিবার তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তার কবরস্থ সম্পন্ন হয়েছে।