লিখিত অভিযোগেও প্রতিকার নেই
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করায় দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। এমন অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ছয়আনি গ্রামের আনছার আলী নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। তিনি তার বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে দোকানঘর তৈরি করে ভাড়া দিয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলছে না দাবি এলাকাবাসীর।
বাজারের ব্যবসায়ীরা জানান, এলাকায় তুলনামূলক বেশি সবজি চাষ হওয়ায় কৃষকের যাতায়াত খরচ সাশ্রয়ের জন্য ছয়আনি বাজারে দীর্ঘদিন ধরে সকালে নিয়মিত কাঁচাবাজার বসত। এই বাজারের মধ্য দিয়ে ৪০ ফুট সরকারি রাস্তা রয়েছে। দুই পাশ দিয়ে বেদখল হওয়ায় তা এখন ১০ থেকে ১২ ফুটে গিয়ে ঠেকেছে। রাস্তার পূর্ব পাশে ১০/১২টি দোকানঘর তুলে নিয়মিত ভাড়া আদায় করছেন স্থানীয় প্রভাবশালী আনসার আলী। এতে রাস্তাটি সংকীর্ণ হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। একই কারণে এলাকাটিতে নিয়মিত যানজট লেগেই থাকে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। সে কারণে বাজারের ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাজারের জায়গা বেদখল হয়ে যাওয়ায় এখন আর আগের মতো বাজার বসতে পারে না। লোকজনেরও সমাগম হয় কম। একইভাবে রাস্তার পশ্চিম পাশেরও কিছু অংশ বেদখল হয়ে গেছে। সেখানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ও আব্দুল মান্নান বলেন, ইমাম নগর, খেলেশ্বর, সজোর মোড়া, বানিয়ারা, খালপাড়, কমলনগর, বাহাদিয়া, দশানি গ্রামের লোকজন এক সময়ে এখানে বাজার করতে আসতেন। জমজমাট কেনাবেচা হতো। জাতীয় দিবসের সবগুলো অনুষ্ঠান এই বাজারে হতো। কিন্তু জায়গা না থাকার কারণে এখন আর তা হয় না। তারা আরো জানান, সরকারি জমিতে মার্কেট নির্মাণে জনদুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও কোনো হস্তক্ষেপ না করায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযুক্ত মো. আনছার আলী বলেন, তিনি সরকারি জমিতে নয়, দোকানঘর নির্মাণ করেছেন নিজের জমিতে। তবে নির্মিত দুইটি দোকানের আংশিক রাস্তায় পড়েছে বলে স্বীকার করেন। সরকার চাইলে তিনি যে কোনো সময় তা ভেঙে দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান। একই সঙ্গে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।