সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ে মেঘনা নদীর নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্মারকলিপি দিয়েছেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক। গতকাল সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গ্রামবাসীর পক্ষে চেয়ারম্যান এ স্মারকলিপি পেশ করেন। এছাড়া তিনি ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা রেঞ্জের ডিআইজি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যসহ আটটি কার্যালয়ে অনুলিপি দিয়েছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেঘনা নদীর নুনেরটেক এলাকায় পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লতিফ সরকার ও তার লোকজন রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করেন। এতে নুনেরটেক এলাকায় ভাঙনের সৃষ্টি হচ্ছে। ফলে বসতবাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী প্রতিবাদ করলে সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামবাসীর ওপর হামলা করেন। এছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন। চেয়ারম্যান লতিফ সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নির্দিষ্ট ইজারা মূল্যে মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করেন। নুনেরটেক এলাকায় বালু উত্তোলন করেন না। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, নুনেরটেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন যে কোনো মূল্যে বন্ধ করা হবে। ইতিমধ্যে এসি (ল্যান্ড)-কে বালু উত্তোলন বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে।