ইত্তেফাক রিপোর্ট
নিঃশর্ত ক্ষমা এবং ভবিষ্যতে এমন কাণ্ড করবেন না বলে অঙ্গীকার দেওয়ার পর আদালত অবমাননার দায় থেকে পার পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। ক্ষমাপ্রার্থনার আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তাকে অবমাননার দায় থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে জারিকৃত রুলটি নিষ্পত্তি করে দিয়েছে আদালত। এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভার্চুয়াল বেঞ্চে যুক্ত হন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। এদিকে আদেশ প্রদানের আগেই আইনজীবী মামুন মাহবুব প্রধান বিচারপতির এজলাস কক্ষে সশরীরে হাজির হন। সেখান থেকে তিনি ভার্চুয়াল কোর্টে যুক্ত হয়ে আদেশ শোনেন।
প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মামুন মাহবুবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আপিল বিভাগ। পরে ঐ স্ট্যাটাস প্রত্যাহার করে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। যেখানে ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করেন। পরে আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করে অবমাননার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন দাখিল করেন।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, আদালত রায়ে বলেছে যেহেতু আদালত অবমাননাকারী তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং আদালতকে নিশ্চয়তা দিয়েছেন যে, ভবিষ্যতে তিনি এ ধরনের অবমাননাকর কাজ থেকে বিরত থাকবেন। এই বিবেচনায় এ মামলার পরবর্তী কার্যক্রম আর চালানো হবে না বলে সিদ্ধান্ত দিয়ে মামলাটি নিষ্পত্তি করেছে আদালত। তবে ভার্চুয়াল মাধ্যমে পরিচালিত এ মামলার যে ভিডিও রেকর্ডিং করা হয়েছে সেটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।