দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারীর চেয়ে পুরুষের মৃত্যুহার চার গুণ বেশি। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার ৯৪১ জনের মধ্যে ৩ হাজার ১০৬ জনই পুরুষ এবং ৮৩৫ জন নারী। তাদের মধ্যে ১ হাজার ৯২৮ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৯৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫২৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৪৭ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৯৫ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১৯ জনের বয়স ছিল ১০ বছরের কম। এর মধ্যে ১ হাজার ৮৯৯ জন ঢাকা বিভাগের, ৮৭৩ জন চট্টগ্রাম বিভাগের, ২৬৭ জন রাজশাহী বিভাগের, ৩১৬ জন খুলনা বিভাগের, ১৫৪ জন বরিশাল বিভাগের, ১৮৪ জন সিলেট বিভাগের, ১৬৫ জন রংপুর বিভাগের এবং ৮৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাস শনাক্তের ১৬৯তম দিনে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা কমেছে। পাশাপাশি সুস্থতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মারা গেছেন। শনিবার মারা যান ৪৬ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৪১ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯৭৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৯ দশমিক ৯৫ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক ৬৮ শতাংশ কম।
দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। শনিবার সুস্থ হয়েছিলেন ২ হাজার ৯৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৫৯ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৫৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮০১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১১ হাজার ৩৫৬ জনের।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৪ জন পুরুষ, ১০ জন নারী। ৩১ জন হাসপাতালে এবং তিন জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, দুই জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। ১৮ জন ঢাকা বিভাগের, পাঁচ জন চট্টগ্রাম বিভাগের, চার জন রাজশাহী বিভাগের, এক জন বরিশাল বিভাগের, চার জন সিলেট বিভাগের এবং দুই জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।