কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ ছাড়তে প্রস্তুত সোনিয়া গান্ধী

কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত সোনিয়া গান্ধী। সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পদত্যাগ করতে পারেন তিনি। এ কথা নিজেই সহযোগীদের জানিয়েছেন।

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসে নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। দলটির শীর্ষস্থানীয় ২৩ জন নেতা একাধিক সাংগঠনিক সমস্যা তুলে ধরে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে। তারা ‘ফুলটাইম’ দৃশ্যমান নেতা চান। এর পরিপ্রেক্ষিতেই পদত্যাগের ব্যাপারে সোনিয়া গান্ধী সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে ‘ইন্ডিয়া টুডো’ এক খবরে বলা হয়েছে, ২৩ কংগ্রেস নেতার চিঠির জবাবে সোনিয়া গান্ধী বলেছেন, দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে তার মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে। এবার তিনি ঐ পদ থেকে সরে দাঁড়াতে চান। তবে কংগ্রেসের পক্ষ থেকে সোনিয়ার এই সরে দাঁড়ানোর খবর অস্বীকার করা হয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, সোনিয়া গান্ধী কোনো নেতার সঙ্গে কথা বলেননি, এমনকি কাউকে কোনো চিঠিও লেখেননি। আমরা এটা পুরোপুরি অস্বীকার করছি।

উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনে পরাজয়ের দায় কাঁধে নিয়ে কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। এরপর দলের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। বলা হয়েছিল, নতুন সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন তিনি। অন্তর্বর্তী সভাপতি হিসেবে সোনিয়ার মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি কংগ্রেস। তা নিয়ে গত কয়েক মাস ধরেই দলের মধ্যে অসন্তোষ বাড়ছিল।

রাহুল গান্ধী আগেই জানিয়ে দিয়েছেন যে, তিনি আর সভাপতি পদে ফিরছেন না। তবে দলে থেকেই বিজেপি-আরএএসের বিরুদ্ধে কাজ করে যাবেন। অন্যদিকে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীও জানিয়ে দিয়েছেন তিনি সাধারণ সম্পাদক পদেই থাকতে চান। তাই দীর্ঘকাল পরে কংগ্রেসের নেতৃত্বে আসতে পারেন গান্ধী পরিবারের বাইরের কেউ।