আজ ২৪ আগস্ট ইয়াসমিন ট্রাজেডি দিবস। দীর্ঘ ২৫ বছর আগে ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরে কয়েকজন বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিশোরী ইয়াসমিন। এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছিল দিনাজপুরের সর্বস্তরের জনতা। প্রতিবাদী জনতার ওপর ২৭ আগস্ট পুলিশ নির্বিচারে গুলি চালায়। নিহত হয় সামু, সিরাজ, কাদেরসহ ৭ জন ব্যক্তি। তখন থেকেই দিনাজপুরসহ সারাদেশে দিনটি পালিত হয়ে আসছে ‘নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে।
দীর্ঘ ২৫ বছরেও ইয়াসমিন, সামু, সিরাজ, কাদেরসহ নিহতদের পরিবারগুলো সরকারিভাবে তেমন সুযোগ-সুবিধা পায়নি। নিহতদের স্ত্রীদের তত্কালীন বিএনপি সরকার চাকরির প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়িত হয়নি।
নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ সোমবার দিনাজপুরের বিভিন্ন সংগঠন ইয়াসমিনের কবর জিয়ারত, দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইয়াসমিন হত্যাকাণ্ডের প্রথম প্রতিবাদকারী ও আন্দোলনের নেতৃত্বদানকারী বর্তমানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এ ব্যাপারে জানিয়েছেন, নিহত ইয়াসমিনের স্মরণে আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় শহরের পূর্বসাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে সর্বস্তরের জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।