পদ্মা সেতুর ছবি ও ভিডিও প্রকাশে বিধিনিষেধ

পদ্মা সেতু নির্মাণযজ্ঞের ছবি-ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ব্যাপারে প্রকল্প পরিচালক চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছেন। এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন মাধ্যমে এসব তথ্য শেয়ার করতে পারবেন না প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীসহ অন্য কর্মীরা। শুধু প্রকল্প পরিচালক ও জনসংযোগ কর্মকর্তারা তথ্য শেয়ার করবেন। গত শনিবার এসংক্রান্ত একটি চিঠি শ্রমিক, ঠিকাদার ও প্রকৌশলীসহ প্রকল্প সংশ্লিষ্ট আটটি  অফিসে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, প্রকল্পে ২৫০ জন  প্রকৌশলী, ঠিকাদারসহ ৫ হাজার লোকবল রয়েছে। সবাই যার যা খুশি শেয়ার দেবে এটা হতে পারে না।  সবাই ঢালাওভাবে তথ্য ও ছবি শেয়ার করলে ভুল, বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে। সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক আরো বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সবাই তো আর পদ্মা সেতুর অগ্রগতির  কথা বা  প্রকল্পের তথ্যের কথা জানাতে পারে না। সবাই তো বলতে পারে না যে কয়টি স্প্যান বসানো হয়েছে। সবাই যার যার আইডি থেকে যা ইচ্ছা শেয়ার দেবে তা হতে পারে না। এখন থেকে নির্দিষ্ট কয়েকজনই এ বিষয়ে তথ্য দেবেন। তিনি বলেন, তবে কাজের প্রয়োজনে পদ্মা সেতুর কোনো তথ্য বা ছবি শেয়ারের প্রয়োজন  হলে সেটা সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইমেইলে ও খুদে-বার্তায় পাঠানো যাবে। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না।

প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙনের পর সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিকভাবে নানা নির্দেশনা দিয়ে আসছিলেন। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা সেতুসংক্রান্ত বিষয়ে ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করবেন না সংশ্লিষ্টরা। তবে পত্রিকা-টিভিসহ অন্যান্য গণমাধ্যমে সেতুর ছবি-ভিডিও প্রচারের ব্যাপারে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি বলে জানা গেছে।