ফুলবাড়ীতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণ দুই দিন পর উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামের আবু-বক্কর সিদ্দিকের ছেলে হুমায়ুন কবীর (২৫) এবং একই ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শামীম হোসেন সুজন (২৫)। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়ন থেকে ঐ কিশোরীকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরের দিন শুক্রবার ঐ কিশোরীর বাবা ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের ২ দিন পর শনিবার রাতে অপহরণকারীদের আত্মীয় উপজেলার বড়ভিটা ইউনিয়নের একরামুল হকের বাড়ি থেকে ঐ কিশোরীকে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে। রবিবার ঐ কিশোরীকে ফুলবাড়ী থানায় নিয়ে আসলে অসুস্থ থাকার কারণে তাকে ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে ভিকটিমের মুখে অপহরণ ও ধর্ষণের কথা শুনে পুলিশ অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণকারী দুই যুবককে আটক করে। ঐ কিশোরীর বাবা জানান, আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ দুই যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।