সাত দিনের রিমান্ড শেষে কারাগারে রিজেন্টের সাহেদ

তত্কালীন ফারমার্স (বর্তমানে পদ্মা) ব্যাংকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাত্ ও পাচারের মামলায় সাত দিনের রিমান্ড শেষে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। রিমান্ড শেষে দুদক তাকে আদালতে হাজির করে। এর পরই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

গতকাল রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ রিমান্ড শেষে সাহেদকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। এ মামলায় গত ১০ আগস্ট আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ২৭ জুলাই দুদক সাহেদসহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় বলা হয়, ২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি সময়ে আসামিরা পারস্পরিক যোগসাজশে অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানাস্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখার ১ কোটি টাকা (যা সুদাসলসহ ১৫ জুলাই পর্যন্ত স্থিতি ২ কোটি ৭১ লাখ টাকা) আত্মসাত্ করেন।