সুজানগরে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষিত, ধর্ষক ও সহযোগী গ্রেফতার

পাবনার সুজানগরে ধর্ষণের শিকার হয়েছে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। গতকাল রবিবার উপজেলার কুড়িপাড়া গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ধর্ষক উপজেলার হেমরাজপুর গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে তুষার ও সহযোগী একই গ্রামের আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে আল-আমীন প্রামাণিক।

পুলিশ জানায়, রবিবার সকাল ৭টার দিকে কুড়িপাড়  গ্রামের স্বামী পরিত্যক্তা মা তার প্রতিবন্ধী মেয়েকে একা ঘরে রেখে একই গ্রামে তার বাবার বাড়িতে যায়। এ সুযোগে তুষার ও সহযোগী আল-আমীন ঘরে প্রবেশ করে ঐ প্রতিবন্ধীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা ঘটনাটি টের পেলে ধর্ষক ও তার সহযোগী পালিয়ে যায়। সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত হাদিউল ইসলাম জানান, এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হেমরাজপুরের একটি জঙ্গল থেকে ধর্ষক ও তার সহযোগীকে গ্রেফতার করে।