করোনাকালে সামাজিক দূরত্ব মেনে ৫০ ভাগ যাত্রী নিয়ে গণপরিবহনে যাতায়াতের জন্য সরকার ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া নির্ধারণ করে। কিন্তু এতে স্বাস্থ্যবিধি যেমন রক্ষা হচ্ছে না তেমনি বন্ধ হচ্ছে না যাত্রী হয়রানি। এজন্য আগের নিয়মে যাত্রী তোলা এবং নির্ধারিত ৬০ শতাংশ ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রীকল্যাণ সমিতি। গতকাল রবিবার যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বর্ধিত ভাড়া নিয়ে সেই পুরোনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে সারাদেশে প্রায় প্রতিটি রুটে চলাচলকারী গণপরিবহনের শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। তাছাড়া ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে দেশব্যাপী লেগুনা, হিউম্যান হলার, ট্যাম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সবধরনের যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়। তাই অনতিবিলম্বে গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করে দেশের প্রতিটি রুটে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।