যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হয়েছে। দেশটির লুইজিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি ছুরি হাতে দুটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিলেন। তবে এই হত্যার ঘটনায় আমেরিকান সিলিভ লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) তীব্র নিন্দা জানিয়েছে। একজন কৃষ্ণাঙ্গের প্রতি পুলিশের এই সহিংসতাকে ভয়াবহ এবং মারাত্মক ঘটনা বলে অভিহিত করেছে এসিএলইউ। ঘটনার পর থেকেই স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে।
লুইজিয়ানা পুলিশ বিবৃতির মাধ্যমে জানিয়েছে, শুক্রবার রাত ৮টায় লাফাইয়েত্তে পুলিশ ডিপার্টমেন্টে একটি ফোনকল আসে। তাদের জানানো হয়, ছুরি হাতে এক ব্যক্তি স্টোরে ঢোকার চেষ্টা করছে। কর্মকর্তারা তাকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে গেছে। ওই ব্যক্তি পরবর্তীকালে অন্য একটি স্টোরে ঢোকার চেষ্টা করেছিল। সে সময়ও তার হাতে ছুরি ছিল। ক্ষতিকর কিছু করা থেকে নিবৃত করতে গুলি ছোড়া হয়। নিহত ব্যক্তির নাম ট্রেইফোর্ড পেলেরিন। তার বয়স ৩১ বছর। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেপ্তারের পর এক পুলিশ কর্মকর্তা তাকে হাঁটু দিয়ে গলা চেপে ধরার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার ভিডিও প্রকাশ হতেই ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই আন্দোলনের ঢেউ যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছিল। -সিএনএন