কাহারোলে ঝুঁকিপূর্ণ রাস্তায় সোলার লাইট

দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে বদলে গেছে মানুষের জীবন যাত্রার মান। চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ করার জন্য এই উপজেলার বিভিন্ন হাট বাজারসহ ঝুঁকিপূর্ণ রাস্তার পাশে স্থাপন করা হয়েছে।

স্ট্রিট লাইট নামক সৌর বাতি সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে জ্বলে উঠে। এতে করে চাপ কমেছে বিদ্যুতের। লোড শেডিং এর ঝামেলা না থাকায় এসব সড়ক বাতি গুলো আলো দেয় সারারাত। এই আলোর ফলে চুরি, ডাকাতি, ছিনতাই আগের তুলনায় অনেক কমেছে।

ডাবর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় বলেন, এই সোলার লাইটের কারণে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সোলার স্ট্রিট লাইট স্থাপনে গ্রামের মানুষের জীবনেও শহরের পরিবেশের ছোঁয়া লেগেছে।

কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকায় প্রায় সবকটি ঝুঁকিপূর্ণ রাস্তা, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে সোলার স্ট্রিট লাইট। সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বাতি গুলো জ্বলছে। আবার সকালে আলো ফোটার সাথে সাথে স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাচ্ছে।

পথচারী হরিন্দ্র নাথ জানান, আগে অন্ধকার রাস্তায় চলাচল করতে ভয় পেতাম। এখন ঝুঁকিপূর্ণ রাস্তায় সোলার স্ট্রিট লাইট জ্বলে। ফলে রাস্তায় চলতে তেমন কোন ভয় বা আতঙ্ক লাগে না।

কাহারোল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের সহযোগিতায় টিআর, কাবিখার প্রকল্পের মাধ্যমে গত দুই বছরে উপজেলার বিভিন্ন হাট বাজার ও রাতে নির্জন ঝুঁকিপূর্ণ অন্ধকার রাস্তায় চুরি, ডাকাতি বন্ধে প্রায় ১২০টি সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরে হোম সিস্টেম সোলার বিতরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম