রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে আসামি আব্দুল রহমানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আব্দুল রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামে। ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের ডোবা থেকে তার স্ত্রী রশিদা বিবির (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রশিদা বিবির ভাই মনসুর রহমান মোহনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম এর দুই সদস্য গ্রেফতার
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, বিচার চলাকালে আদালতে প্রমাণিত হয়েছে যে ২০১৪ সালের ১৮ অক্টোবর দিবাগত রাতে আসামি আব্দুল রহমান পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাশেদা বিবিকে মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর তার মরদেহ ডোবায় ফেলে দেন। তাই আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইত্তেফাক/এএএম