নালিতাবাড়ীর গারোপাহাড়ে অর্ধগলিত বৃদ্ধের লাশ উদ্ধার

নালিতাবাড়ী উপজেলার ভারতসীমান্ত ঘেঁষা খলচান্দা পাহাড়ের ঝোপ থেকে আমিনুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের আমিনুল ইসলাম ১৬ আগস্ট বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেনি। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে সোমবার দুপুরে খলচান্দা গ্রামের পাহাড়ের ঢালে স্থানীয়রা গরু চড়াতে গেলে দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো অজ্ঞাতনামা একবৃদ্ধের অর্ধগলিত লাশ। লাশের পাশে ছিলো কীটনাশকের বোতল। পরে একপর্যায়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল লাশ শনাক্ত করেন। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


ইত্তেফাক/এমএএম