আইন সংশোধনে কপিরাইট অফিসে চিঠি দিয়েছে গীতিকবি সংঘ

বিনোদন রিপোর্ট

 

কপিরাইট আইন সংশোধনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিসে চিঠি দিয়েছে গীতিকবি সংঘ। গত রবিবার সন্ধ্যায় রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর সাথে গীতিকবি সংঘ সমন্বয় কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত্ করে এই চিঠি হস্তান্তর করে। প্রতিনিধি দলে ছিলেন গীতিকবি হাসান মতিউর রহমান, আসিফ ইকবাল, কবির বকুল ও জুলফিকার রাসেল। এ সাক্ষাতে গীতিকবিদের নৈতিক ও আর্থিক অধিকার আদায়ে গীতিকবি সংঘের সাংগঠনিক অবস্থান, সংগীতাঙ্গনে বিরাজমান অস্থিরতা ও সংক্ষুব্ধতা নিরসনে সংঘের ভূমিকা ও অবস্থান, সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির প্রচেষ্টা, কপিরাইট আইনের নানা দিকসহ গীতিকবিদের অপ্রাপ্তি ও বঞ্চনার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এ সময় কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুন আলোচনায় অংশ নেন। প্রতিনিধিরা কপিরাইট আইনে গীতিকবিসহ সকল সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, প্রযোজক ও মিউজিক লেবেলের ন্যায্য স্বার্থ বিষয়ে শ্রদ্ধাশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলোচনার পরিবেশ তৈরিতে সংঘের প্রচেষ্টার কথা তুলে ধরেন।