তারাগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গোলাপী আক্তার (২২)। 

সোমবার (২৪ আগস্ট) আলমপুর ইউনিয়নের ভীমপুর বারোঘরিপাড়ার গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা ইসলাম আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তবে গোলাপীর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলে এলাকাবাসী মন্তব্য করেন।

আরো পড়ুনঃ মধুপুরে হাঁসের সাথে শত্রুতা করে বিষ দিয়ে ১১শ হাঁস নিধন

এদিকে ওই গৃহবধূর মা জহুরা বেগম জানান, গত ২২ আগস্ট তার মেয়েকে তাদের বাড়ি থেকে রাত ১২টার সময় জোরপূর্বক গোলাপী আক্তারের স্বামী একই গ্রামের হোসেন আলীর পুত্র মোক্তারুল ইসলাম ও তার পরিবারের লোকজন উঠিয়ে নিয়ে যায়। তার দুইদিন পর মোক্তারুলের বাড়ি সংলগ্ন পুকুর থেকে গোলাপীর লাশ উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনার পর গৃহবধূর স্বামীসহ তার পরিবারের লোকজন পলাতক আছে।

তারাগঞ্জ থানা ওসি (তদন্ত) শুকুর আলী বলেন, খবর পেয়ে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম