ডিজিটাল নথি যুগে প্রবেশ করছে বাংলাদেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের আয়োজনে বাংলাদেশ সরকারের ২৮ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের একান্ত সচিবগণের অংশগ্রহণে সম্প্রতি অনলাইনে ‘ই-নথি বিষয়ক কর্মশালা’ আয়োজন করা হয়েছে। অনলাইন প্লাটফর্মে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান পিএএ-এর সভাপতিত্বে ও ন্যাশনাল কনসালটেন্ট মিজ নিলুফা ইয়াসমিন এর পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ও এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এবং ও নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

কর্মশালার উদ্বোধনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি বলেন, ‘ডিজিটাল সেবা জনগণের হাতের মুঠোয় এনে দিতে বর্তমানে ৮,২৩৪টি সরকারি অফিসে ই-নথি কার্যক্রম চলমান রয়েছে। সারাদেশের ১৮ হাজার উপজেলা অফিস এবং ইউনিয়ন পর্যায়ের ৪০ হাজারের অধিক অফিসকেও উচ্চগতির ইন্টারনেটের অধীনে আনা হচ্ছে। এসব অফিসকেও ই-নথি ব্যবহারের অধীনে আনতে কাজ শুরু করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।’ প্রতিমন্ত্রী বলেন, ‘একইসঙ্গে লালফিতার দৌরাত্মকে জাদুঘরে পাঠিয়ে ডিজিটাল বাংলাদেশে জনবান্ধব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে ই-নথি থেকে ডি-নথি (ডিজিটাল নথি) যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।’

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব তরঙ্গের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এবং কোভিড-১৯ এর অপ্রত্যাশিত অবস্থা মোকাবেলায় গত পাঁচ মাসে আমাদের মধ্যে ই-নথি ব্যবহারে যে সক্ষমতা তৈরি হয়েছে তা থেকে আরো একটি নতুন সংস্করণে যেতে চাই। ’