ফলন ও চিনি আহরণ কম হওয়ার আশঙ্কা
নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলের জোন এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আখখেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ফলন কম ও চিনি আহরণ কম হওয়ার আশঙ্কা করছে মিলস কর্তৃপক্ষ। আখখেতের স্থায়ী জলাবদ্ধতায় কারণে জোন এলাকায় মাঠের পর মাঠ পানিবন্দী রয়েছে আখখেত। জমিতে জলাবদ্ধতা থাকায় অনেক আখ গাছ মরে যাচ্ছে। নাটোর চিনিকল সূত্রে জানা যায়, চলতি ২০১৯-২০ আখ রোপণ মৌসুমে মিলস জোন এলাকায় ১৪ হাজার ৭৮৪ একর জমিতে আখ চাষ করা হয়েছে। এতে করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার টন আখ সরবরাহ হবে। কিন্তু মিলস জোন এলাকায় এবার লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে আখের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত ৪৯.৬০ ইঞ্চি বৃষ্টিপাত রের্কড করা হয়েছে। বৃষ্ট্পািতের কারণে ১১০০.৫৫ একর জমির আখ হেলে পড়েছে। এছাড়াও ১৩৬০০.০০ একর জমিতে জলাবদ্ধতার কারণে আখের ফলন মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো: রুস্তম আলী বলেন, এ বছর জলাবদ্ধতার কারণে লক্ষ্যমাত্রা অর্জন হবে না। যেসব জোন এলাকায় আখখেত পানির নিচে রয়েছে তা পচে যাবে এবং পানির ওপরে থাকা আখে পোকায় আক্রান্ত হচ্ছে। চিনি উত্পাদন কম হবে এবং চিনির কোয়ালিটি খারাপ হবে। এতে করে আখচাষি ও কৃষকরা লোকসানে পড়বেন।