ফুলছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে

চালক নিহত, যান চলাচল বন্ধ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে সোমবার সকালে বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত ও তার সহকারী আহত হয়েছেন। এদিকে দুর্ঘটনার ফলে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে উপজেলা পরিষদ কার্যালয়ের সঙ্গে উপজেলার পাঁচ-ছয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। উপজেলার পূর্ব ছালুয়া এলাকায় কালিরবাজার-বাদিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফুলছড়ি থানার ওসি কাওছার আলী জানান, ঐদিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭০০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রাক ফুলছড়ি উপজেলার কালিরবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঐ এলাকায় বেইলি ব্রিজের ওপর উঠলে পশ্চিম পাশের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালক নিহত ও তার সহকারী আহত হন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু জানান, ২০০৮ সালের বন্যায় ব্রিজ ভেঙে গেলে সেখানে স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। পরে ২০১৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হলে ব্রিজটি মেরামত করা হয়। অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে জানান তিনি।

সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, কালিয়ায় কালিয়া-গোপালগঞ্জ সড়কের চিত্রা নদীর ওপর নির্মিত কলাবাড়িয়া সেতুটির মধ্যখানে ভেঙে গেছে। ফলে ঐ সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেতুটি ভেঙে পড়ায় গত এক সপ্তাহ যাবত্ কালিয়ার সঙ্গে গোপালগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সম্প্রতি সেতুর ওপর দিয়ে বালুবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় মধ্যখানে ফেটে যায়। গত ১৫ আগস্ট ফাটল ধরা স্থানের একটি বড় অংশ নদীতে ভেঙে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সেতুটি পুরোপুরি বন্ধ করে দেয়ায় গোপালগঞ্জের সঙ্গে কালিয়া ও নড়াইলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উপজেলা প্রকৌশলী মো. আবু বকর ছিদ্দিক বলেন, এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুদা বলেন, সেতুটি ভেঙে পড়ার খবর পেয়ে দুর্ঘটনা এড়াতে সেখানে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নড়াইলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিধান চন্দ্র সমদ্দার বলেন, ঐ স্থানে নতুন সেতু নির্মাণের সুপারিশ করা হয়েছে।