কালাইয়ে জনপ্রিয় হচ্ছে ‘পার্চিং’ পদ্ধতি

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

কালাই উপজেলায় চলতি আমন ধানের খেতে পোকা দমনে কীটনাশকের পরিবর্তে পার্চিং পদ্ধতি ব্যবহারের এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ধানি জমিতে গাছের ডাল, খুঁটি, বাঁশের কঞ্চি ও ধইঞ্চার ডাল পোঁতা হয়। এর ওপর বিভিন্ন প্রজাতির পাখি বসে ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফসল রক্ষার এই পদ্ধতির নামই ‘পার্চিং’।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে দেখা গেছে, করোনা ভাইরাসের মধ্যেও উপজেলার কৃষকরা যথাসময়ে তাদের জমিতে আমন ধানের চারা রোপণ করেছেন। তাদের বহু স্বপ্নের ধানের চারাগুলো এখন বড় হচ্ছে। এখন তাদের আমন খেতে লাইফ ও ডেট পার্চিং এর ব্যবহার করেছেন কৃষকরা। উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার গ্রামের কৃষক তৌফিকুল ইসলাম ও কালাই পৌরসভার সড়াইল মহল্লার কৃষক মোজাম্মেল হোসেন জানান, তাদের জমিতে রোপণ করা চারাগুলো এখন সবুজ ও সতেজ হয়ে উঠেছে। তারা পুরো খেতে ‘পার্চিং’ পদ্ধতি করেছেন। বিঘা প্রতি আমন ধানের খেতে পাঁচটি গাছের ছোট ডাল, বাঁশের কঞ্চি এবং তিনটি জীবন্ত ধইঞ্চার ডাল পুঁতে দিয়েছেন। ফিঙ্গে, শালিক ও বুলবুলি ঐ ডালে বসে খেতের ক্ষতিকর পোকা খেয়ে ফেলছে। এতে তাদের ফসল রক্ষা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, উপজেলায় এক সময় পোকা দমনে ব্যয়বহুল কীটনাশকই ভরসা ছিল কৃষকদের। এতে উত্পাদন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে অধিক পরিশ্রমও করছিলেন তারা। এখন পার্চিং পদ্ধতিই আশা জেগেছে কৃষকদের মনে। পার্চিং পদ্ধতির মাধ্যমে এ বছর ফসল উত্পাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি।