হাতিয়ায় জাহাজের নিচ থেকে ডুবুরির লাশ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের পশ্চিমে মেঘনায় একটি জাহাজের ইঞ্জিনের পাখার সঙ্গে আটকে যাওয়া জাল কাটতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে। তার নাম মো. মামুন। সোমবার সকালে অন্য এক ডুবুরি জাহাজের তলা থেকে তার লাশ উদ্ধার করেছে। হাতিয়া নৌ-পুলিশের পরিদর্শক একরাম উল্যাহ জানান, শনিবার সকালে নলচিরা ঘাটের পশ্চিমে মেঘনা নদীতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে পণ্য বোঝাই জাহাজ এম বি মিথিলা-৩ এর ইঞ্জিনের পাখার সঙ্গে জাল আটকে যায়। এরপর ডুবুরি মামুন ও খোকন রবিবার সকালে নদীতে নেমে জাহাজের পাখায় আটকে যাওয়া জাল কাটার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকালে মামুন আবার নদীতে ডুব দেওয়ার পর আর ওপরে উঠতে পারেননি। সোমবার সকালে ঢাকা থেকে আসা আরেক ডুবুরি মো. কালু জাহাজের নিচে থেকে মামুনের লাশ উদ্ধার করেছে।