পঞ্চগড়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষর

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে এগিয়ে যেতে হলে, শিল্পনির্ভর অর্থনীতির ওপর জোর দিতে হবে। সোমবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ইকনমিক জোনস অথরিটির সঙ্গে চুক্তি স্বাক্ষর ও দলিল সম্পাদন অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এদিন পঞ্চগড়ের দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি (বেজা) বরাবরে জমি বরাদ্দের নিমিত্তে চুক্তি স্বাক্ষর ও দলিল সম্পাদন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ের পক্ষে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটির (বেজা) পক্ষে সহকারী ব্যবস্থাপক এ কে এম আনোয়ার দলিলে স্বাক্ষর করেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মাজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।