কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার কাশিপুর এলাকায় র্যাব এ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির ৩ হাজার ৪০০ টাকা ও ইনসাফ কার্গো সার্ভিস নামের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটককৃতরা হলো— ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের আরিফ মোল্লা (২৬) এবং হাটঘাটা গ্রামের শাকিল খান (১৯)। কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি-২ এর কার্যালয়ে দুপুরে কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।