বিদ্যুত্স্পৃষ্টে দুই জনের মৃত্যু

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

মোহনগঞ্জে রবিবার বিকালে বিদ্যুত্স্পৃষ্টে মো. আনোয়ার হোসেন নামের এক জন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো. মুখলেছুর রহমান জানান, সুখদেবপুর গ্রামের লুত্ফুর রহমান খসরু মিয়ার বাড়িতে আবাসিক মিটারের সংযোগ দিতে গিয়ে আমগাছে ওঠেন ইলেকট্রিশিয়ান আনোয়ার এবং বিদ্যুতের খুঁটির কাছাকাছি পৌঁছেন। এ সময় পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন সুখদেবপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি পল্লী বিদ্যুত্ অনুমোদিত ইলেকট্রিশিয়ান ছিলেন।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা জানান, মীর্জাগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুল ছালাম সিকদার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উপজেলার মীর্জাগঞ্জ গ্রামে। মীর্জাগঞ্জ থানা পুলিশ জানায়, বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছালাম সিকদারের বাড়িসংলগ্ন পুকুরপাড়ে কাঁচা বাঁশের সঙ্গে লেগেছিল। অসাবধানতাবসত তিনি বাঁশটি স্পর্শ করলে বিদ্যুত্স্পৃষ্ট হন। মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।