শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

রাজশাহীর চারঘাটে পুকুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার রাওথা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে, রাওথা এলাকার বাসিন্দা মাহাবুর রহমানের ছেলে মাহিম (৭) ও  পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার শফিকুল হকের ছেলে রাহুল (৫)।

মৃত মাহিমের নানা জিয়াউর রহমান জানান, মাহিমের শাপলা তোলার এক ধরনের নেশা ছিলো। প্রতিদিনই বাড়ির লোকজনের চোখ ফাকি দিয়ে সে বিভিন্ন পুকুরে শাপলা তুলতো। সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলও নেই।

পরে অনেক খোঁজাখুঁজির পরে জনৈক রেজাউল হক নামের এক ব্যক্তি জানান, দুই শিশুকে স্থানীয় নবীর উদ্দিনের পুকুরের দিকে যেতে দেখেছেন। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে এলাকাবাসীর সহাতায় শুরু হয় পানিতে খোঁজাখুঁজি। এক পর্যায়ে নবীর উদ্দিনের পুকুর থেকে মাহিম ও রাহুলের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর