ইত্তেফাক রিপোর্ট
নকল, অনুমোদনবিহীন ও মানহীন পণ্য বিপণন রোধে সরকার কার্যক্রম চালালেও তাতে কাঙ্ক্ষিত ফল মিলছে না। এখনো রাজধানীসহ দেশব্যাপী অবৈধ, মানহীন ও নকল পণ্যের ব্যাপক বিপণন চলছে। সর্বশেষ গতকাল সোমবারও বিএসটিআইর (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) কর্মকর্তারা পুরান ঢাকার চকবাজারে অভিযান চালিয়ে ২৫ হাজার বোতল নকল প্রসাধনী জব্দ করে। এর বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। ‘মামুনের কারখানা’ নামে প্রতিষ্ঠানটি বিএসটিআইর লাইসেন্স নেয়নি, অন্যদিকে অবৈধ মানচিহ্ন ব্যবহার করে নকল প্যারাসুট নারিকেল তেল, প্যারাসুট বেলীফুল তেল, ডাবর আমলা, কুমারিকা, কিউট ইত্যাদি ব্র্যান্ডের হেয়ার অয়েল তৈরি ও বিপণন করে আসছিল। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে সোয়া ২ লাখ টাকা জরিমানা করেছে।