উত্তরা ফাইন্যান্সের ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের পরিচালনা পর্ষদ ২০১৯ সালের ব্যবসায় অর্জিত মুনাফার মাত্র ২১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৭৯ শতাংশ রিজার্ভে যোগ হবে। তবে আগামী বছর থেকে ৭০ শতাংশের বেশি রিজার্ভ রাখার ক্ষেত্রে কোম্পানিটিকে অতিরিক্ত কর গুনতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রকাশিত ২০১৯ সালের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে। উত্তরা ফাইন্যান্সের ২০১৯ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৯ দশমিক ৪৫ টাকা মুনাফা হয়েছে। এর বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা বিবেচনায় প্রতিটি শেয়ারে ২০ শতাংশ (১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ  ঘোষণা করা হয়েছে, যা শেয়ারপ্রতি ৯ দশমিক ৪৫ টাকার মুনাফা বিবেচনায় ২১ শতাংশ। ১৯৯৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৫ কোটি ২২ লাখ টাকা।