ভাঙ্গায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাওলি গঙ্গাধরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গিয়াস মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২০)। এসময় পুলিশ সাদ্দাক মাতুব্বর ও সালাম মাতুব্বরকে আটক করে।

নিহতের চাচা নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বারি মাতুব্বর জানান, রবিবার বাওড়র পাশে বিলে মাছ ধরতে যায় রাকিব মাতুব্বর। সে সময় পাশের বাড়ির সাদ্দাক মাতুব্বর ও তার ছেলে কামাল, সালাম, আবজাল ও জামাল মিলে রাকিবের জাল ফেলে দেয়। এ নিয়ে রাতেই এলাকার মাতুব্বর মোতালেব মীমাংসার দায়িত্ব নেন। গতকাল সকাল পর্যন্ত মোতালেব মাতুব্বর মীমাংসা না করায় সাদ্দাক মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গিয়াস মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। এসময় রাকিব মাতুব্বর ও তার বড় ভাই শামীম মাতুব্বরকে সাদ্দাক মাতুব্বরের ছেলেরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই দুই ভাই মারা যায়।

নিহতের বাবা গিয়াস মাতুব্বর বলেন, সাধারণ মাছ ধরাকে কেন্দ্র করে আমার তরতাজা দুইটি ছেলেকে আমার সামনেই কুপিয়ে হত্যা করেছে। প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি আমি যেন দুই ছেলে হত্যার বিচার পাই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ সাদ্দাক মাতুব্বর ও সালাম মাতুব্বরকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।