পলাশে সড়ক নির্মাণের ১০ দিনের মধ্যেই ধস

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর পলাশ উপজেলায় প্রয়োজনীয় তদারকি না করায় এলজিইডির গ্রামীণ উন্নয়ন সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে। নিম্নমানের ইট ও বালু ব্যবহার ও কার্পেটিং করে কোনোরকম তৈরি করা হচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দকৃত গ্রামীণ উন্নয়ন সড়ক। যার কারণে নির্মাণের কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ছে অধিকাংশ সড়ক। ঠিকাদারদের এসব অনিয়মের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় তদারকির অভাবে সড়ক নির্মাণে দুর্নীতির সুযোগ নিচ্ছে ঠিকাদাররা।

জানা যায়, কিছুদিন আগে এলজিইডির জিডিবি ৪ প্রকল্পে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সানেরবাড়ী স্কুল থেকে শরিফখান মাজার রোডের ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ করা হয়। সড়কটি নির্মাণের ১০ দিনের মধ্যে ধসে পড়ে এর অধিকাংশ স্থান। সানেরবাড়ী গ্রামের মকবুল হোসেন জানান, করোনার শুরুতে সড়কটি নির্মাণের কাজ শুরু হয়। তড়িঘড়ি করে সড়কটি নির্মাণ করা হয়। যার কারণে নির্মাণের ১০ দিনের মধ্যে সড়কের অনেক স্থান ধসে গেছে। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোনো খোঁজখবর নেয়নি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার কামাল হোসেন জানান, বৃষ্টির কারণে সড়কের কিছু স্থান ধসে যায়। যা পরবর্তী সময় ঠিক করে দেওয়া হবে।