মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতার কবজি কর্তনের ঘটনায় মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের মঠবাড়িয়ায় দলীয় কোন্দল ও পূর্বশত্রুতার জেরে ছাত্রলীগ নেতা শুভ শর্মার কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের শহিদ মিনারের সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক শ ছাত্রলীগ নেতাকর্মী অংশ নেয়।

এ সময় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তযা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান নিজাম ও কলেজ ছাত্রলীগ যুগ্ম-সম্পাদক রাসেল জমাদ্দার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে হাসপাতাল সড়কের ব্রিজসংলগ্ন এলাকায় রাজনৈতিক বিরোধের জের ধরে শুভ শর্মাকে তার প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে হাতের কবজি কেটে নেয়।