চাকরি জাতীয়করণের দাবি
ইত্তেফাক রিপোর্ট
চাকরি জাতীয়করণের দাবিতে আগামী ৬ সেপ্টেম্বর থেকে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা। গতকাল রাজধানীর স্কাউট মার্কেটের অস্থায়ী কার্যালয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারশনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণা না দিলে ৬ আগস্ট থেকে ঢাকায় মহাঅবস্থান কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরো বলেন, কর্মচারীরা নানাভাবে অবহেলিত ও বিভিন্নভাবে হয়রানি-নির্যাতনের শিকার। তাদের চাকরির নিরাপত্তা, আর্থিক সচ্ছলতা, সামাজিক মর্যাদা নেই বললেই চলে। তারা একই সঙ্গে ম্যানেজিং ও গভর্নিং বডিতে সদস্যপদে নির্বাচন করার সুযোগ দানের দাবি জানান। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান মিজান। এ সময় মহাসচিব আজিজুল হক রাজা, তৌহিদুল ইসলাম, মতিউর রহমান, লুত্ফর রহমান, সানু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।