ইত্তেফাক রিপোর্ট
বিমান বাহিনীর ৪৭ কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের গেজেটে থাকা এক জনের ক্ষেত্রে গেজেটটি স্থগিত করেছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। তিনি জানান, বিমান বাহিনীর ৪৭ জন মুক্তিযোদ্ধা, যারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরে বাহিনীতে যোগদান করেন। তাদের গেজেট বাতিল করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ৭ জুন প্রজ্ঞাপন জারি করে। এতে তাদের ভাতাও স্থগিত করা হয়। ২৭ জুলাই অপর এক বিজ্ঞপ্তিতে এসব মুক্তিযোদ্ধাকে নতুন করে আবেদন করে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের আহ্বান জানানো হয়।
এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিমান বাহিনীর বেসামরিক কর্মচারী মো. শামসুল আলম। রিটে বলা হয়, কোনো রকম ব্যক্তিগত শুনানি ছাড়াই গেজেট বাতিল সম্পূর্ণ বেআইনি। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে প্রজ্ঞাপনের শামসুল আলমের অংশটুকু স্থগিতের আদেশ দেয়।