বঙ্গোপসাগরে র্যাবের অভিযানে ১৩ লাখ ইয়াবাসহ ট্রলার জব্দ

বঙ্গোপসাগরে ধাওয়া করে জব্দ করা ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবার চালান উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় দুই পাচাকারীকে আটক করা হয়েছে। ধাওয়া খেয়ে কক্সবাজার শহরসংলগ্ন মাঝিরঘাট এলাকায় চলে আসা ট্রলারটি ২৩ আগস্ট বিকাল ৫টার দিকে জব্দ করে ট্রলার থেকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবা চালানটি উদ্ধার করতে সক্ষম হন র্যাব সদস্যরা। আটককৃতরা হলো কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত আবদুল মজিদের ছেলে মো. বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এইচ ১৬ ব্লকের বশির আহমদের ছেলে মো. আয়াছ (৩৪)। গতকাল সোমবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের এই তথ্য জানান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। তিনি বলেন, বর্তমানে র?্যাব-১৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার তদন্তের কাজ করছে। মামলার কাজে ব্যস্ত থাকলেও নিজেদের দায়িত্ব সম্পর্কে সজাগ রয়েছে তারা। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নিজস্ব অপারেশন কার্যক্রমও পরিচালনা করছে। এরই অংশ হিসেবে র্যাব-১৫ সময়ের সবচেয়ে বড় ইয়াবা চালান জব্দ করতে সক্ষম হয়েছে। মোস্তফা সরোয়ার জানান, ইয়াবার এই চালান জব্দ করতে র্যাব ১৫ দিন ধরে কাজ করছে।