২৪ ঘণ্টায় পরীক্ষা শনাক্ত ও মৃত্যু বেড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু বেড়েছে। দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৭০তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। রবিবারের চেয়ে গতকাল আট জন বেশি মৃত্যুবরণ করেছেন। রবিবার ৩৪ জন মারা যান। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার ৯৮৩ জনের মধ্যে এক-তৃতীয়াংশই ঢাকা বিভাগের। এর মধ্যে ১ হাজার ৯২০ জন ঢাকা বিভাগের,            ৮৮০ জন চট্টগ্রাম বিভাগের, ২৭০ জন রাজশাহী বিভাগের, ৩২২ জন খুলনা বিভাগের, ১৫৫ জন বরিশাল বিভাগের, ১৮৪ জন সিলেট বিভাগের, ১৬৭ জন রংপুর বিভাগের এবং ৮৫ জন ময়মনসিংহ বিভাগের।

করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। রবিবারও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। রবিবারের চেয়ে ২৬০ জন বেশি সুস্থ হয়েছেন। রবিবার সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৫২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৮৭৫ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৬০ দশমিক ৭৯ শতাংশ। আগের দিনের চেয়ে সুস্থতার হার দশমিক ৭৭ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রবিবারের চেয়ে গতকাল ৫১২ জন বেশি শনাক্ত হয়েছেন। রবিবার ১০ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৯৭৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৮ দশমিক ২৭ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার দশমিক ৩ শতাংশ বেশি। দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৫৬ হাজার ৩৮ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ৩১ জন পুরুষ ও ১১ জন নারী। ৩৮ জন হাসপাতালে এবং চার জন বাড়িতে মারা গেছেন। তাদের মধ্যে ১৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং দুই জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।