লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় এক রাতে তিনটি সরকারি দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৩ জুলাই) গভীর রাতে অফিসের দরজা ও জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে একটি ট্যাব ও নগদ টাকা নিয়ে গেছে। রাতে পুরো উপজেলা পরিষদে বিদ্যুতের আলো ও পাহারাদার থাকলেও তিনটি অফিসে চুরির ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। পাটগ্রাম থানার ওসি চুরি যাওয়া কার্যালয় গুলো ঘুরে দেখেছেন।
জানা গেছে, রবিবার দিবাগত রাতে চোরেরা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। হিসাব রক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, চোরেরা কার্যালয়ের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৪৫ হাজার টাকা ও একটি ট্যাব নিয়ে যায়।,
হিসাব রক্ষণ অফিসের ঠিক পিছনে প্রায় একশ গজ দুরে আমার বাড়ি আমার খামার পল্লি সঞ্চয় ব্যাংক কার্যালয়েও চোরেরা হানা দেয়। শাখা ব্যবস্থাপক শারমিন জাহান বলেন, জানালার গ্রিল খুলে চোর অফিসের ভেতরে ঢুকে কাগজপত্র তছনছ করলেও কিছু নিয়ে যায়নি।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পশ্চিম দিকে প্রায় একশ বিশ গজ দুরে একই রাতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চুরির ঘটনা ঘটে। হাসপাতালের পিছনের গ্রিল খুলে অফিস প্রধান সহকারী ও ক্যাশিয়ারের অফিসে ঢুকে স্টিলের আলমারির তালা ভেঙ্গে প্রায় ৭৮ হাজার টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার বলেন, উপজেলা পরিষদের চতুর্দিক খোলা। ফলে চোর হয়ত এই সুযোগটি নিতে পারে। তবে এ ব্যাপারে থানায় মামলা দেওয়া হয়েছে। পুরো উপজেলা প্রশাসন চত্বর সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
ইত্তেফাক/এসআই