ঢামেকে প্রথম করোনায় আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা আক্তার (৫৬) নামে এক নার্সিং সুপারভাইজারের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাহিদা আক্তারের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। তার স্বামীর নাম আবু সাইদ।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢামেক শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল জানান, শাহিদা আক্তার ঢামেক বার্ন ইউনিটের করোনা ইউনিটের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। করোনার প্রথম থেকেই তিনি চিকিৎসা সেবা দিচ্ছিলেন। দায়িত্বরত অবস্থায় করোনার উপসর্গ দেখা দেয় তার। এরপর পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। করোনা পজেটিভ হওয়ায় ১৭ আগস্ট ঢাকা মেডিক্যালের আইসিইউতে তাকে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুই টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, ঢাকা মেডিক্যালে করোনা রোগীদের চিকিৎসা শুরুর পর থেকে দায়িত্বরত অবস্থায় প্রায় ৫৫০ নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এখনও ১৫০ জনের মতো চিকিৎসাধীন, হোম কোয়ারেন্টিনে রয়েছে। বাকিরা সবাই কাজে যোগ দিয়েছেন। এই প্রথম করোনা আক্রান্ত হয়ে ঢামেকের নার্স মারা গেলেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, এই প্রথম আমাদের একজন সহকর্মী হাসপাতালে নার্স করোনায় মারা গেলেন। আমরা খুবই মর্মাহত তার আত্মার মাগফেরাত কামনা করছি।

ইত্তেফাক/এমআর