পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশে রোহিঙ্গাদের আত্তীকরণের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশ সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। গতকাল সোমবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা:পশ্চিমা, এশীয় ও দ্বিপক্ষীয় প্রেক্ষাপট’ শীর্ষক এক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর পূর্তি উপলক্ষ্যে সিপিএস এই অনুষ্ঠানের আয়োজন করে।
পররাষ্ট্রসচিব মোমেন বলেন, রোহিঙ্গাদের জন্য বিপুল অর্থ বিনিয়োগে বাংলাদেশ আগ্রহী নয়। কারণ এতে করে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে উত্সাহিত হবে। তবে রাখাইনে প্রত্যাবাসনের পরে রোহিঙ্গারা যেন জীবন-জীবিকা অর্জন করতে পারে সেজন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মিয়ানমারের কারিকুলামে শিক্ষাব্যবস্থা চালু করেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ হামিদ আলবার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু মানবিক সমস্যা বরং এটি বৈশ্বিক ও রাজনৈতিক সমস্যা। রোহিঙ্গা সংকটের প্রভাব সরাসরি বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়ার ওপর পড়ছে উল্লেখ করে তিনি বলেন, আসিয়ানের কয়েকটি সদস্য দেশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনলেও ঐ সংস্থার এ বিষয়ে নির্দিষ্ট কোনো নীতি নেই। মিয়ানমার আসিয়ানের সদস্য। কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান কোনো উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেনি। কারণ আসিয়ানের সনদে সদস্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর নীতি রয়েছে।
সাবেক পররাষ্ট্রসচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো শহীদুল হক বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে অচলাবস্থার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেফ জোন প্রতিষ্ঠার প্রস্তাব পুনরায় জোরালোভাবে উপস্থাপন করতে হবে।
মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যাতে করে সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত না হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর আতিকুল ইসলাম বলেন, রোহিঙ্গা একটি জটিল সমস্যা এবং এটি সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে কয়েক জন প্রতিনিধি অনুষ্ঠানে তাদের ভবিষ্যত্ নিয়ে প্রশ্ন করেন।
কানাডার হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন, সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পিস অ্যান্ড গভর্নেন্সের পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হক, সিপিএসের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাকিয়া সুলতানা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের সমন্বয়ক ড. এম জসিম উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।