ইয়াসমিন হত্যার ২৫ বছর পালন

স্বল্প পরিসরে পালিত হলো ইয়াসমিন হত্যার ২৫ বছর। কোভিট-১৯-এর কারণে এ বছর দিবসটি পালনে বিভিন্ন সংগঠন সভাসমাবেশ ও আলোচনাসভার আয়োজন থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে। ১৯৯৫ সালের ২৪ আগস্ট ভোরে চারদলীয় বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে দিনাজপুরে কয়েক জন বিপথগামী পুলিশ সদস্যের হাতে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিল কিশোরী ইয়াসমিন।

দিবসটি উপলক্ষ্যে ইয়াসমিনের মা শরিফা বেগম গতকাল সোমবার শহরের গোলাপবাগ মহল্লায় তার বাড়িতে কোরানখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। পরিবারের পক্ষ থেকে শেখ জাহাঙ্গীর গোরস্থানে ইয়াসমিনের কবর জিয়ারত করা হয়। এছাড়াও মহিলা পরিষদ, বালুবাড়ী মহিলা উন্নয়ন সংস্থা, পল্লীশ্রীসহ বেশ কিছু নারী ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসমিনের কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

১৯৯৫ সালের এই দিনে বিপথগামী পুলিশের সাত সদস্যের হাতে ধর্ষণ ও হত্যার শিকার হন কিশোরী ইয়াসমিন। প্রতিবাদে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত হন পাঁচ জন। সেই থেকে দিনটি নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।