ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে লড়বে টিকটক

চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থিক লেনদেনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করার পর এর বিরুদ্ধে লড়াই করার কথা জানিয়েছে টিকটক। শনিবার টিকটকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তারা ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা করবে।

এর আগে হোয়াইট হাউজ যুক্তরাষ্ট্রের ডিজিটাল নেটওয়ার্ক থেকে ‘অবিশ্বস্ত’ চীনা অ্যাপগুলো মুক্ত করার পদক্ষেপ নেয়। হোয়াইট হাউজের পক্ষ থেকে ঐ সময় টিকটক ও উইচ্যাটকে ‘মারাত্মক হুমকি’ হিসেবে অভিহিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট নির্বাহী আদেশ জারি করে ট্রাম্প প্রশাসন। নির্বাহী আদেশ জারির ৪৫ দিনের মাথায় কার্যকর হবে ঐ নিষেধাজ্ঞা।

এক বিবৃতিতে টিকটক বলেছে, টিকটকের পক্ষ থেকে এমন কিছু করা হয় না, যা আইন পরিপন্থি এবং অবৈধ। এর আগেও ট্রাম্প প্রশাসনের এক অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিকবার জবাব দেওয়া হয়েছে। এ কারণে নির্বাহী আদেশের বিরুদ্ধে লড়াই করতে এখন জুডিশিয়াল ব্যবস্থার শরণাপন্ন হওয়া ছাড়া টিকটকের কোনো উপায় নেই।—সিএনএন