ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগকে করোনা মোকাবিলায় সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র দূতাবাস

ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগকে করোনা মহামারি মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষাসরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এবং দূতাবাসের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস রিজিওনাল সিকিউরিটি অফিসের প্রতিনিধিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের সদস্যদের মধ্যে বিতরণের জন্য উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামের কাছে এই সুরক্ষাসরঞ্জাম হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিক পিপিই বিতরণ পরিকল্পনার সপ্তম উদ্যোগ এটি। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার ডিপার্টমেন্ট অব স্টেট, ডিফেন্স, অ্যাগ্রিকালচার, ইউএসএআইডি এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে ৫ কোটি ৬৫ লাখ ডলারের অধিক সহায়তা প্রদান করেছে। গতকাল মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।