নড়াইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য কামালপ্রতাপ গ্রামের আঃ রাজ্জাক মল্লিককে (৭০) ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার নিজ বাড়িতে  এ ঘটনা ঘটে।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরে রাজ্জাক মল্লিকের স্ত্রী পাশের বাড়ির টিউবওয়েলে পানি আনতে যায়। রাজ্জাক মল্লিক নিজের ঘরে মাগরিবের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে এসে রক্তাক্ত স্বামীকে দেখে চিৎকার করে কান্নাকাটি করলে এলাকাবাসী এসে ঘরের মেঝেতে রাজ্জাক মল্লিককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। 

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা উদঘাটনের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এসআই